চট্টগ্রামে সংঘর্ষে জড়িয়েছে হেফাজতকর্মীরা
চট্টগ্রামের ইস্পাহানী মোড়ে হেফাজতকর্মী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হয়েছে।
এছাড়া জেলার আনোয়ারা ও ফটিকছড়িতে হেফাজতকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশ ও স্থানীয় জনতার।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতে ইসলামের কর্মীরা তাদের ১৩ দফা দাবিতে হরতালের সমর্থনে সকাল থেকেই চট্টগ্রমের ওয়াসা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে ছাত্রলীগকর্মীরা হরতালবিরোধী মিছিল নিয়ে কাছাকাছি ইস্পাহনী মোড়ে এলে উত্তেজনার সৃষ্টি হয়।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হয় এবং হেফাজত ও ছাত্রলীগকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় আধা ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে দুই পক্ষকে কিছুটা দূরে সরিয়ে দেয়।
সংঘর্ষের মধ্যে নগর পুলিশের একজন অতিরিক্ত উপ কমিশনারসহ বেশ কয়েকজন আহত হন বলে ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকরা জানিয়েছেন।
ফটিকছড়িতে হেফাজতকর্মীরা স্থানীয় জাফরনগর পুলিশ ফাঁড়িতে হামলার চেষ্টা করে।
ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল দশটার দিকে হেফাজত কর্মীরা ফাঁড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে।
পরে পুলিশ ও স্থানীয় জনগণ তাদের প্রতিরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয় উল্লেখ করে ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
আনোয়ারা থানার ওসি মো. হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার পারকি বাজারে সকালে হেফাজত ইসলাম ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।
এদিকে, নগরীতে সকাল থেকেই হেফাজতকর্মীরা আন্দরকিল্লা, ওয়াসা মোড়, বহদ্দারহাট মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করছে।
বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
শহরে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও সতর্ক থাকতে দেখা গেছে।
