২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা আর যাত্রীর অভাবে দূরপাল্লার বাস বন্ধ

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নগর পরিবহনের বাস চলছে। কিন্তু মহাসড়কে ভাংচুরের শঙ্কায় ঢাকার বাইরে বাস বের করছেন না মালিক-শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:51 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

এছাড়া দূরের যাত্রায় যাত্রীও তেমন একটা নেই বলে জানিয়েছেন বাস টার্মিনালের লোকজন। সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস তাই ছাড়েনি।

তবে যাত্রী কম থাকলেও রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

লংমার্চে ‘বাধা’ দেয়ার অভিযোগে এবং ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

অন্যান্য হরতালের মতো সোমবারও সকাল থেকে রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। গণ পরিবহনের সংখ্যাও অন্য হরতালের তুলনায় কিছুটা বেশি।

সোমবার সকালে গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর থেকে নগর পরিবহনের বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলছে।

মহাখালী বাস টার্মিনালে ঢাকা থেকে বগুড়াগামী একতা পরিবহনের চালক জানান, সকালে তিনি বাস নিয়ে ঢাকা এসেছেন। কিন্তু হরতালে মহাসড়কে নিরাপত্তার অভাবে ঢাকা ছাড়ছেন না। যাত্রী সংখ্যাও অনেক কম বলে তিনি জানান।

গাবতলী টার্মিনালে খালেক এন্টারপ্রাইজের মালিক ইমতিয়াজ হোসেনও জানান যাত্রী সংকটের কথা।

লঞ্চ চলাচল মোটামুটি স্বাভাবিক আছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহফুজুর রহমান  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সদরঘাট থেকে ৬টি লঞ্চ ছেড়ে গেছে, এসেছে ৩৬টি।

নাশকতার আশঙ্কায় সোমবার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়নি। কমলাপুর রেল স্টেশন থেকে যথারীতি সব ট্রেন ছেড়ে গেছে বলে জানান স্টেশন ম্যানেজার খায়রুল বশির।

হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র‌্যাব-পুলিশের টহল লক্ষ করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।