২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের হরতালেও কর্মক্ষেত্রে নারীরা

হেফাজতে ইসলামের সমাবেশ থেকে ‘নারী প্রগতিবিরোধী’ দাবি তোলা হলেও তাদের হরতাল প্রত্যাখ্যান করে স্বাভাবিকভাবেই কর্মক্ষেত্রে ছুটেছেন নারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:47 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

সোমবার সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে দেখা যায় অফিসগামী নারীর বিচরণ। দলবেঁধে কারখানায় ছুটতে দেখা যায় পোশাক কর্মীদের।

বসে থাকেননি অন্য পেশায় নিয়োজিত নারীরাও। সংবাদকর্মী, চিকিৎসক, শিক্ষকসহ সব পেশার নারীরাই ছুটেছেন কর্মস্থলের দিকে। ছেলে-মেয়েকে নিয়ে স্কুলে গেছেন গৃহবধূরাও।

মিরপুরে অফিসগামী এক নারী সাংবাদিকের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, হেফাজতে ইসলামের ‘বর্বরোচিত’ মনোভাবের প্রকাশ ঘটেছে তাদের দাবিগুলোর মধ্যে। নারীর বিচরণে বাধা দেয়ার যে দাবি তারা তুলেছে তা সম্পূর্ণ অনৈতিক।

“তাই তাদের বিবেচনাহীন ওই দাবিকে প্রত্যাখ্যান করে আমি অফিসে যাচ্ছি। উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের জন্য কাজ করার যে দক্ষতা অর্জন করেছি তা ওই ধর্মান্ধদের পক্ষে সম্ভব নয়। তাই সমাজ ও দেশকে এগিয়ে নেয়ার জন্যই আমাকে কাজে যেতে হবে।”

গত শনিবার মতিঝিলে সমাবেশ করে মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তাদের সমাবেশ থেকে ১৩ দফা দাবি তুলে ধরা হয়, যার অন্যতম একটি ছিল- ‘ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যাভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা’।

এছাড়া নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিও রয়েছে তাদের।

হেফাজতের ওই বিশাল সমাবেশের মধ্যে কোনো নারীকে দেখা যায়নি। সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন একুশে টেলিভিশনের এক নারী সাংবাদিক। পেশাগত কাজে অন্য যে সব নারী সাংবাদিক সেখানে গেছেন, তারাও জানান বিড়ম্বনার কথা।.