বাঘাবাড়ীতে মিল্কভিটা শ্রমিকদের আন্দোলন অব্যাহত
বেতন-ভাতার দাবিতে তিন দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে মিল্কভিটার বাঘাবাড়ী দুগ্ধ কারখানার শ্রমিক-কর্মচারীরা।
রোববার সকালে বিক্ষুদ্ধ শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রধান ফটকসহ বিভিন্ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ায় কর্মকর্তারাও কাজে যোগ দিতে পারেননি। আর সমবায়ীদের কাছ থেকে দুধ কেনা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে অনেকে কম দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে মিল্কভিটা ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান শফি রোববার সাংবাদিকদের জানান, সঙ্কট সমাধানে আলোচনা চলছে।
গত ১২ জানুয়ারি প্রধানমন্ত্রীর নির্দেশে মিল্কভিটার চাকরিচ্যুত ৭৬ জন শ্রমিক-কর্মচারীকে পুনর্বহাল করা হয়। মিল্কভিটা ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সাধারণ সভায়ও অনুমোদন পায় তাদের নিয়োগ। তবে এখনো সেসব শ্রমিক-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। বেতন-ভাতার দাবিতেই বৃহস্পতিবার থেকে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নামে।
বর্তমানে বাঘাবাড়ি মিল্কভিটা দুগ্ধ কারখানা এলাকার সমবায়ীদের কাছ থেকে প্রতিদিন গড়ে প্রায় দেড় লাখ লিটার দুধ কিনে থাকে কর্তৃপক্ষ।
এরমধ্যে ৮০ থেকে ৯০ হাজার লিটার দুধ মিল্কভিটার ঢাকার প্রধান কারখানায় সরবরাহ করা হয় বলে সমবায়ীরা জানান।
আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ শ্রমিক ও উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান সিরাজ একাত্মতা ঘোষণা করেছেন।
বাঘাবাড়ির মিল্কভিটার সমিতি বিভাগের ব্যবস্থাপক সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ থাকায় এবং হরতালের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ২দিন ধরে সমবায়ীদের কাছ থেকে দুধ কেনা বন্ধ রয়েছে।
