২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় সংঘর্ষের ঘটনায় হেফাজতের ১৪ জন গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৪ হেফাজতকর্মীকে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

শনিবার উপজেলার হাসামদিয়া মাদানীনগর মাদ্রাসা এলাকায় এ সংঘর্ষে আওয়ামী লীগের নাসিরাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সভাপতি নওশের খান নিহত হন।

এ হত্যাকাণ্ড নিয়ে রোববার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের স্ত্রী রহিমা আক্তার শিউলী বাদি হয়ে হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি দাদন ফকির।

তবে দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে শনিবার রাতে পুলিশ বাদি হয়ে হেফাজতের ৬৬ নেতাকর্মীর নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরো অনেককে আসামি করে একটি মামলা করে।

এ মামলায় হেফাজতের ১৪ কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয় বলে জানান ওসি দাদন ফকির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে বিচারক সোমবার সেই আবেদনের শুনানির দিন ঠিক করে তাদের কারাগারে পাঠিানোর আদেশ দিয়েছেন।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি ফরিদপুরের বিভিন্ন উপজেলায়।

এদিকে দুপুরের সংঘাতের পর শনিবার রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা হাসামদিয়া মাদানীনগর মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়। কিন্তু ছাত্ররা তা নিভিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়।

কিন্তু পুলিশ সেখানে পৌঁছার আগেই মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা সবাই সেখান থেকে পালিয়ে যায়। বর্তমানে সেখানে পুলিশ পাহারা রয়েছে বলে জানান ওসি।

এদিকে রোববার সকাল ৯টায় ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের সিকদারকান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা  নওশের খানের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।

নিহতের স্ত্রী রহিমা আক্তার শিউলী সাংবাদিকদের জানান, তিনি স্বামী হত্যার ঘটনায় রোববারই মামলা করবেন।

এদিকে বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে নিহত নেতার স্মরণে এক শোকসভার আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে ঢাকার সমাবেশে যোগ দিতে উপজেলা সদরের মাদানীনগর মাদ্রাসা থেকে কয়েক হাজার হেফাজতকর্মী বিশ্বরোডের দিকে এগোতে থাকলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাতে বাধা দেয়।

কথাকাটাকাটির এক পর্যায়ে হেফাজত কর্মীরা হামলা চালালে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।

আহত অবস্থায় নওশের খানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।