২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী সাংবাদিকদের মারধর: চট্টগ্রামে মানববন্ধন

নারী সাংবাদিকের ওপর হেফাজতকর্মীদের হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নারী সাংবাদিক কেন্দ্র, চট্টগ্রাম এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

এতে চট্টগ্রামে কর্মরত নারী সাংবাদিক ছাড়াও নারীনেত্রী, সাংস্কৃতিক সংগঠকসহ  বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

কর্মসূচি থেকে বক্তারা ঢাকায় নারী সাংবাদিককে মারধর, হয়রানিসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা হেফাজতে ইসলামের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, “নারীদের ওপর হামলা করে কী আপনারা ইসলামের অবমাননা করছেন না।”

মানববন্ধনে অংশ নেয়া নারী সাংবাদিকরা ঢাকায় সাংবাদিকদের ওপর হমালাকারী হেফাজতে ইসলামের কর্মীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন নারীনেত্রী নুরাজাহান খান, মহিলা পরিষদনেত্রী অধ্যাপিকা লতিফা কবীর, সাংবাদিক সুমি খান, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরিফ চৌহান, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান প্রমুখ।

শনিবার ঢাকায় লংমার্চের মহাসমাবেশে দায়িত্ব পালনকালে হেফাজত কর্মীরা একুশে টেলিভিশনের রিপোর্টার নাদিয়া শারমিনকে বেধড়ক মারধর করে। একই কর্মসূচিতে দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মী হামলার শিকার হন।

এর আগে চট্টগ্রামেও শুক্রবার মারধরের শিকার হন একাত্তর টিভির চার সাংবাদিক। ওইদিন হেফাজত কর্মীরা চট্টগ্রামে নাজেহাল করেন সাংবাদিক সুমি খানকে।

পুরনো খবর:

হেফাজতের সংবাদ বর্জনের দাবি নারী সাংবাদিকদের