২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের দুঃখ প্রকাশ

সাংবাদিকদের ওপর হামলার জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 11:14 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

মতিঝিলে শনিবারের ঘটনায় সমালোচনার মধ্যে রোববার হরতাল নিয়ে সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করা হয়।

তবে ওই হামলার সঙ্গে সরকার সমর্থকরা জড়িত থাকতে পারে বলে হেফাজত নেতাদের সন্দেহ।

মতিঝিলে সমাবেশের সময় পল্টনে হামলার শিকার হয়েছিলেন একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনসহ কয়েকজন।

শুধু নারী হওয়ার কারণেই হেফাজতকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন নাদিয়া। 

লালবাগে ইসলামী ঐক্যজোটের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হেফাজতের নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী বলেছেন, সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা।

“বিশাল এ সমাবেশে কিছু অনুপ্রবেশকারী ঢোকা অস্বাভাবিক কিছু নয়। সরকারি দলের লোকও এ ঘটনা ঘটাতে পারে বলে আমাদের ধারণা।”

“তবে আমাদের কোনো কর্মী যদি ভুলবশত এই হামলার ঘটনা ঘটিয়েই থাকে, তাহলে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি,” বলেন তিনি।

নারীদের প্রতি সম্মান রয়েছে বলেও দাবি করেন তিনি।

সোমবারের হরতাল শান্তিপূর্ণভাবে পালনের কথাও বলেছেন হেফাজত নেতারা।  

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মো. ওয়াক্কাস, ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা জাফর উল্লাহ, ইসলামী ঐক্যজোটের যুগ্ম-সচিব মাওলানা ফয়জুল্লাহও উপস্থিত ছিলেন।

মাওলানা কাসেমী বলেন, হেফাজতের কর্মীরা জায়নামাজ ও হাতে তসবিহ নিয়ে হরতালের সময় রাজপথে অবস্থান করবেন।

“এ হরতালে কোনো গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ কিংবা দোকানপাটে হামলার ঘটনা ঘটবে না।”

পরিবহন মালিকদের গাড়ি বের না করার আহ্বান জানান হেফাজত নেতা।

“তারপরও যদি কেউ গাড়ি চালায়, তাহলে হেফাজতের কর্মীরা গাড়ি ভাংচুর না করে তাদের বোঝানোর চেষ্টা করবে।”

শনিবারের সমাবেশ থেকে হরতাল ছাড়াও ৯ বিভাগীয় শহরে ১১ থেকে ৩০ এপ্রিল মহাসমাবেশ এবং ৫ মে ঢাকা অবরোধের কর্মসূচিও ঘোষণা করা হয়।

শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে ইতোমধ্যে হেফাজতের হরতাল প্রতিরোধের ঘোষণা দেয়া হয়েছে।