২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাল রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ

দেশের সব খাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।

দেশের সব খাল রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতি নির্দেশনা দিতে বিবাদীদেরকে সাত দিন সময় দেন বিচারকরা।

রিট আবেদনে বিবাদী হিসাবে রয়েছেন, স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পানি সম্পদ সচিব, ভূমি সচিব, অর্থ সচিব ও পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। আদেশ বাস্তবায়ন করে আগামী ২ সপ্তাহের মধ্যে তাদের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

দেশের সকল খাল আরএস বা বিএস রেকর্ড অনুসারে রক্ষার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চেয়েছে হাই কোর্ট।

শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ভূমিদস্যুরা দেশের বিভিন্ন এলাকায় খাল ভরাট করে আবাসন প্রকল্প বা ঘর বাড়ি করছে। ফলে পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কৃষকদের চাষাবাদে পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে খাদ্য উৎপাদনেও প্রভাব পড়তে পারে।

“পরিবেশ আইন-১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুসারে এ ধরণের ভরাট সম্পূর্ণ অবৈধ।”

অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর পক্ষে সকালে মনজিল মোরসেদ এই রিট আবেদনটি দায়ের করেন।