জয়পুরহাটে যুবলীগ লীগ নেতা খুন
জয়পুরহাটের কালাই উপজেলায় যুবলীগের স্থানীয় এক নেতাকে পিটিয়ে ও রগ কেটে হত্যা করা হয়েছে।
নিহত তৌহিদুল ইসলাম সবুজ মাত্রাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
রোববার সকালে বিএনপি ও জামায়াত সমর্থকদের হামলায় সবুজ নিহত হন বলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদার দাবি করেছেন।
স্থানীয়রা জানায়, সকালে বিয়ালা বাজার এলাকায় সবুজকে ধরে বেদম মারপিটের পর তার পায়ের রগ কেটে দেয়া হয়।
সবুজকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, দ্রুত বিচার আইনের মামলার আসামি এক বিএনপি সমর্থককে সবুজ সম্প্রতি পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। তার জের ধরেই তার ওপর হামলা হয়।
কালাই থানার ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অপরাধী;রে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
হত্যাকারীরা বিএনপি-জামায়াত সমর্থক কি না- জানতে চাইলে জয়পুরজাটের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, “আওয়ামী লীগের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”
