২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ী-পরিবহন শ্রমিক সংঘর্ষে আহত ১০

সিলেট নগরীর সোবহানীঘাটে সবজি ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেট, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 09:16 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার সকাল ১১টার দিকে ট্রাক ভাড়া নিয়ে হাজী নওয়াব আলী সবজি বাজারে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর জের ধরে ট্রাক শ্রমিকরা সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত হুমায়ূন রশীদ চত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গিয়ে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে ভাড়া নিয়ে হাজী নওয়াব আলী সবজি বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে এক মিনি ট্রাক (পিকআপ) চালকের কথা কাটাকাটি হয়।

বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুন নূর বিষয়টি সমাধান করে দিতে এগিয়ে গেলে ওই ট্রাক চালক তার ওপর হামলা চালায় বলে ব্যবসায়ীরা জানান।

এর জের ধরে ব্যবসায়ীরা ওই চালককে মারধর করেন।

খবর পেয়ে ট্রাক চালক সমিতির নেতাকর্মীরা বাজারে ছুটে এলে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

আহতদের মধ্যে জেলা ট্রাক চালক সমিতির সভাপতি আবু সরকার, সহ সভাপতি দিলু মিয়াও রয়েছেন।

পরে ট্রাক শ্রমিকরা সোবহানীঘাট এলাকা ছেড়ে দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে গিয়ে সড়কে অবস্থান নেয়।

তখন সিটি মেয়র গিয়ে তাদের ‘বুঝিয়ে-শুনিয়ে’ সড়ক থেকে তোলেন বলে সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন।