বরিশালে স্কুলছাত্র খুন
সন্ত্রাসীদের মারধরে নিহত হয়েছেন বরিশাল জিলা স্কুলের এক ছাত্র।
হামলাকারীদের একজনের বাবাকে আটক করেছে পুলিশ, যিনি জাতীয় পার্টির বরিশাল মহানগরের নেতা।
নিহত সামী রাফি ঈমান (১৪) বাংলাবাজার এলাকার জাহাঙ্গীর হোসেন তানুর ছেলে। জাহাঙ্গীর বিএনপির নেতা।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, শনিবার বিকালে তার ওপর হামলা হয়। গুরুতর আহত ঈমানকে ঢাকায় নেয়ার পথে রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ঈমানের ভাই সাদবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার এলাকার উঠতি সন্ত্রাসী রিসাদকে নাম ধরে ডাক দিয়েছিল ঈমান। এতে রিসাদ ক্ষিপ্ত হয়।
“শনিবার বিকালে ঈমান কোচিং থেকে বাসার ফেরার পথে বাংলাবাজার মোড় এলাকায় রিসাদের নেতৃত্বে ১৫/২০ বখাটে হামলা করে। তারা ঈমানকে লাঠি ও বেলচা দিয়ে এলোপাতাড়ি পেটায়।”
আহত ঈমানকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
ঢাকা নেয়ার পথে মাওয়ায় ঈমানের মৃত্যু হয় বলে তার ভাই জানান।
রিসাদ চিহ্নিত সন্ত্রাসী বলে কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, ঈমান মারা যাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রিসাদকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
রিসাদের বাবা রফিকুল ইসলাম গফুরকে (৫৫) আটকের বিষয়ে এসআই কবির বলেন, ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদদাতা হিসেবে তাকে আটক করা হয়েছে।
