হেফাজতের হরতাল, তাই ধর্মঘট প্রত্যাহার ঢাবিতে
হেফাজতে ইসলাম হরতাল ডাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছে ব্লগারদের মুক্তি দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষে বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান, শিক্ষার্থী জয়নাব শান্ত ও শুভ্র দেব বিশ্বাস শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “হেফাজত ইসলামের ডাকা হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সুব্রত অধিকারী শুভসহ চারজন মুক্তমনা প্রগতিশীল ব্লগারের মুক্তি, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবিরসহ সকল সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের আহূত ধর্মঘট স্থগিত করা হয়েছে।”
ইন্টারনেটে লেখালেখিতে ধর্মীয় অনভূতিতে আঘাত হানার অভিযোগে গত সোমবার রাতে ব্লগার শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে এবং বুধবার আসিফ মহীউদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর প্রতিবাদে এবং গ্রেপ্তার ব্লগারদের মুক্তি দাবিতে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন থেকে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়।
