২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল নেতা হত্যা, লক্ষ্মীপুরে রোববার হরতাল

লক্ষ্মীপুরে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 01:15 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার বাঁঙ্গাখা ইউনিয়নের দক্ষিণ রাধাপুর বালুয়া ভাংতি এলাকায় যুবদল নেতা নজরুল ইসলাম

লিটনকে গুলি করে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা।

এ ঘটনার প্রতিবাদে রোববার জেলা সদরে আধাবেলা হরতালের ডাক দিয়েছে যুবদল।

লিটন (৩৫) সদর উপজেলা যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ওই এলাকার মৃত শহীদুল্ল্যার ছেলে।

নিহতের ছোট ভাই কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ৪/৫ সন্ত্রাসী লিটনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় তারা হাতবোমার বিস্ফোরণও ঘটায়।

এতে তার বুকে দুটি ও বাম হাতে একটি গুলি লাগে। কারো সঙ্গে লিটনের কোন শত্রুতা ছিল না বলে দাবি করেন কামরুল।

এ দিকে ঘটনার প্রতিবাদে জেলা যুবদল রাতে শহরে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলের পর সমাবেশ থেকে রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল আহবান করেন জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন।

এদিকে শনিবার ময়নাতদন্ত শেষে বাদ জোহর লিটনকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। তার নামাজে জানাযায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সদর মডেল থানার ওসি আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, শনিবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কেউ গ্রেপ্তারও হয়নি।