২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে মালয়শিয়াগামী ট্রলার ডুবি, ১ জনের লাশ উদ্ধার

অবৈধভাবে মালয়শিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিহত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজার, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

এ ঘটনায় এক নারী ও এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শনিবার বেলা ১টার দিকে আবুল কালাম (৩৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

আবুল কালাম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকার কবির আহমদের ছেলে।

স্থানীয় অধিবাসীরা জানান, শুক্রবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকা থেকে সাগরপথে মায়লশিয়া পাঠানোর জন্য ট্রলারে করে জাহাজে উঠানোর সময় একটি ট্রলার ডুবে যায়।

ট্রলারটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিল বলেও স্থানীয়রা জানায়।

বিজিবি টেকনাফ ৪২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলারডুবির ঘটনায় আবুল কালামের লাশ উদ্ধার করা হয়। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় অন্যরা বিভিন্নভাবে কূলে ফিরলেও এক নারী ও শিশু এখনও নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।