হেফাজতের সমাবেশে ড্যাবের চিকিৎসা ক্যাম্প
রাজধানীতে হেফাজতে ইসলামের সমাবেশে চিকিৎসা শিবির খুলেছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব।
শাপলা চত্বরে সমাবেশের অদূরে ইত্তেফাক মোড়ে একটি মাইক্রোবাসের মধ্যে এই অস্থায়ী চিকিৎসা ক্যাম্প বসিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতের গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করেছে হেফাজতে ইসলাম, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।
ব্লগারদের শাস্তির দাবিতে হেফাজত ৬ এপ্রিল ঢাকামুখী লংমার্চ ও ৭ এপ্রিল রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেয়।বিএনপিসহ বিরোধী ১৮ দলীয় জোট এ হেফাজতের এ কর্মসূচিতে সমর্থন দিয়েছে।
পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার সকাল ১০টায় মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ শুরু হয়।
তবে শুক্রবার রাত থেকেই কিছু কর্মী শাপলা চত্বরে অবস্থান নেন। আর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন হেফাজত কর্মীরা। সকাল ৭টার মধ্যে কযেক হাজার কর্মী চত্বরে জড়ো হয়।
চিকিৎসা ক্যাম্প করার বিষয়ে জানতে চাইলে ড্যাবের চিকিৎসকরা জানান, বিএনপি এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে বলে তারা এখানে এসেছেন।
তারা বলেন, সমাবেশে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা দিতেই তারা চিকিৎসা ক্যাম্প বসিয়েছেন।
সমাবেশের পাশে দেখা যায় একটি ট্রাক থেকে হেফাজত কর্মীদের জন্য গাজর, কলা, বিস্কুট ও পানি সরবরাহ করা হচ্ছে। ওই ট্রাকের পেছনে লেখা ছিল হেফাজত, ঢাকা, জোন-২০ (যাত্রাবাড়ী)।
এই খাবারগুলো কোথা থেকে আসছে তা জানতে চাইলে হেফাজতকর্মীরা জানান, তারা নিজেরা চাঁদা তুলে এসব খাবারের ব্যবস্থা করেছেন।
এদিকে সমাবেশের এক পর্যায়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নেতাকর্মীদের নিয়ে সমাবেশে আসেন সংহতি জানাতে।
মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টিও হেফাজতের এই লংমার্চ ও সমাবেশে সমর্থন দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হেফাজত কর্মীদের জন্য জাতীয় পার্টি পানি সরবরাহ করছে।
