সর্বাত্মক হরতালে ‘বিচ্ছিন্নপ্রায়’ ঢাকা
হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহতে সর্বাত্মক হরতাল-অবরোধে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা।
বিরোধীদলের ডাকা হরতালে গাড়ি ভাংচুর ও বোমাবাজি ‘সাধারণ’ ঘটনায় পরিণত হলেও ২৫টি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ডাকা এই হরতাল চলছে শান্তিপূর্ণ পরিবেশে।
অবশ্য দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে জনমনে রয়েছে উৎকণ্ঠা, উদ্বেগ।
শুক্রবার সন্ধ্যায় হরতাল- অবরোধ শুরুর আগেই ঢাকার সঙ্গে দেশের বেশির ভাগ এলাকার দূর পাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। নাশকতার আশঙ্কায় ঢাকামুখী প্রায় সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
বরিশাল ও চাঁদপুর থেকে ঢাকামুখী লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। রাজধানীর সদরঘাটের ট্রাফিক পরিদর্শক সৈয়দ মাহফুজুর রহমান জানান, সকালে ঢাকায় কোনো লঞ্চ আসেনি।
কাওড়াকান্দি-মাওয়া নৌপথেও নৌ চলাচল করছে না শুক্রবার থেকেই।
রাজধানীতে হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ।
তবে এরইমধ্যে হেফাজতের যে কর্মীরা ঢাকায় পৌঁছেছেন, তারা জড়ো হতে শুরু করেছেন মতিঝিলে। জাগরণ মঞ্চের ব্লগারদের নাস্তিক আখ্যায়িত করে তাদের শাস্তিসহ ছয় দফা দাবিতে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সেখানে তাদের সমাবেশ করার কথা রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটও হেফাজতের কর্মসূচিতে সমর্থন দিয়েছে।
এদিকে শনিবার সকাল থেকে রাজধানীতে কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া না গেলেও রিকশা ও অটোরিকশা ছাড়া ভারি যানবাহন চলতে দেখা যায়নি। বিভিন্ন স্থানে পুলিশকে সতর্ক পাহারায় দেখা গেছে।
শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরে হেফাজতকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়। এ ছাড়া কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি শনিবার সকাল পর্যন্ত।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে ২৪ ঘণ্টা। আর হেফাজতে ইসলামের লংমার্চ ঠেকাতে অবরোধ শেষ হবে শনিবার বিকাল ৪টায় শাহবাগের মহাসমাবেশের ঠিক আগ মুহূর্তে।
হরতালের সমর্থনে শুক্রবার বিকাল ৫টার দিকে টিএসসি থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঘাতক দালাল নির্মূল কমিটির বিক্ষোভ মিছিল বের হয়। কয়েকশ’ মানুষ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সড়কে সমবেত হলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হরতালের সমর্থনে মিছিল হয়েছে শাহবাগ এলাকায়ও। ‘আমরা মুক্তিযুদ্ধের সন্তান’ এর ব্যানারে হরতালের সমর্থনে মিছিল করেছে কয়েকশ’ মানুষ।
পল্টন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় গণতান্ত্রিক লীগের নেতাকর্মীরা।
হরতাল আহ্বানকারী সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে হরতালের সমর্থনে মশাল মিছিল বের করে। মিছিলটি পল্টন, বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে আবার প্রেসক্লাবে এসে সমবেত হয়। সেখানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হরতাল সমর্থকরা।
একই সময় দেশের সব বিভাগীয় শহরসহ সাড়ে তিনশ’ উপজেলায় হরতালের সমর্থনে মশাল মিছিল হয় বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু জানান।
হরতাল সমর্থকদের মিছিল থেকে ‘সাম্প্রদায়িকতার লং মার্চ মানি না’, ‘হেফাজতের লং মার্চ মানি না/জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ কর, করতে হবে’- স্লোগান দেয়া হয়।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সন্ধ্যা ৬টার কয়েক মিনিট আগে জাগরণ মঞ্চ থেকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান। এরপর সেখানে সমবেত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
হেফাজত নেতারা অভিযোগ করেছেন, সরকারই ‘নাস্তিক্যবাদীদের’ পক্ষ নিয়ে এই হরতাল ডাকিয়ে দ্বিমুখী আচরণ করছে। সরকারের ইংগিতেই পরিবহন মালিকরা তাদের লংমার্চের জন্য গাড়ি দেননি বলেও অভিযোগ তাদের।
তবে পরিবহন মালিকরা বলছেন, লংমার্চ এবং হরতাল-অবরোধের কারণে সহিংসতার আশঙ্কায় তারা গাড়ি বন্ধ রেখেছেন।
