ব্লগারদের মুক্তি দাবি বিশিষ্ট নাগরিকদের
চার ব্লগারকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের মুক্তি দাবি করেছেন দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক।
বিবৃতিতে বলা হয়, ‘ধর্মানুভূতিতে আঘাত করে সামাজিক আলাপচারিতার তথ্যপ্রযুক্তি ব্যবহারের অভিযোগে চারজন তরুণকে গ্রেপ্তারের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই তরুণরা শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রচারে যুক্ত ছিল।’
‘আমরা ইসলাম কিংবা অন্য কোন ধর্ম, মুক্তিযুদ্ধ ও ব্যক্তি বিশেষ সম্পর্কে যে কোন ধরনের কটূক্তির বিরোধী। আমরা সরকারের কাছে আবেদন জানাই, আপনারা সর্বজনের ধর্মানুভূতি রক্ষা করুন, তবে মুক্তচিন্তার পথ রুদ্ধ করবেন না। এর ফলে দেশে-বিদেশে ভুল বার্তা পৌঁছুবে।’
কথিত ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার অভিযোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবি জানায় হেফাজতে ইসলাম।
তাদের দাবির মধ্যে গ্রেপ্তার করা হয় ওই চার ব্লগারকে। এ ঘটনার প্রতিবাদে বেশিরভাগ বাংলা ব্লগ সাইট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করছে।
৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশিষ্টজনদের ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি, গত প্রায় দু’মাস ধরে শাহবাগে বাংলাদেশের যে তরুণরা মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অপরিসীম কষ্ট স্বীকার করেছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ধন্যবাদই তাদের প্রাপ্য। এদের বিরুদ্ধে প্রতিপক্ষ ধর্মদ্রোহিতার অভিযোগ তুলে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’
ধর্মের বিরুদ্ধে না থাকার ঘোষণা গণজাগরণ মঞ্চ দিলেও ব্লগারদের এই অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে বলে দাবি করেন তারা। পাশাপাশি মুদ্রণ মাধ্যম, ব্লগে ধর্মকে অপব্যবহার করে মিথ্যাচারের প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।
তারা বলেন, যারা মুদ্রণ মাধ্যম, ব্লগে ধর্মকে অপব্যবহার করে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকাররের এই একপেশে আচরণে তারা বিস্মিত।’
এদিকে মুক্তিচিন্তা ও মতপ্রকাশের অধিকার রক্ষা এবং গ্রেপ্তারকৃত ব্লগারদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছাড়াও গবেষক, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট, অভিনয়শিল্পী ও উন্নয়নকর্মীরা পৃথক এক বিবৃতিতে গ্রেপ্তারকৃত ব্লগারদের মুক্তি দাবি করেছেন।
