ঝিনাইদহে হরতালের সমর্থনে মশাল মিছিল
হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে ডাকা হরতাল ও অবরোধের সমর্থনে শুক্রবার রাতে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ঝিনাইদহে মশাল মিছিল করেছে ।
রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর থেকে মশাল মিছিলটি বের হয়ে পায়রা চত্ত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি লিয়াকত হোসেন, ঝিনাইদহ থিয়েটারের একরামুল হক লিকু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিজান।
বক্তারা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত অহিংস হরতাল পালনের জন্য সবার প্রতি আহবান জানান।
ঝিনাইদহ শহর ছাড়াও শৈলকুপা, মহেশপুর ও কালীগঞ্জ উপজেলা শহর থেকে লোকাল ও দুরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে ।
পুলিশ সুপার মো. আলতাফ হোসেন বলেন, নিরাপত্তার জন্য শনিবার সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও র্যাব মোতায়েন থাকবে।
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করে শনিবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
এদিকে হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দেয়। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।
এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
