২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার আশঙ্কায় ১০ ট্রেনের যাত্রা বাতিল

হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চের মধ্যেই নাশকতার আশংকায় ঢাকাগামী ১০টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

রেলওয়ের মহাপরিচালক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যা থেকে রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের ঢাকাগামী দশটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

ঢাকা থেকে যথারীতি ট্রেন ছেড়ে যাচ্ছে বলে তিনি জানান।

রেলওয়ের পূর্বাঞ্চল কর্তৃপক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, হরতালে ট্রেনে নাশকতা ও নিরাপত্তাজনিত কারণে শুক্রবার রাতের চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীতা ও ঢাকা মেইলের যাত্রা বাতিল করা হয়।

চট্টগ্রাম থেকে ঢাকা মেইল রাত সাড়ে ১০ টায় ও তুর্ণা নিশীতা রাত ১১টায় ছেড়ে যাওয়ার কথা ছিল।

সিলেট থেকে সুরমা মেইল আর উপবন এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ।

রাত ৮টায় সুরমা মেইল এবং রাত ১০টায় উপবন এক্সপ্রেস সিলেট স্টেশন ছেড়ে ঢাকায় আসার কথা ছিল।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফেরদৌস আলম জানান, নাশকতার আশঙ্কায় রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

তিনি জানান, রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলামের লংমার্চে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো হরতালের ডাক দেয়ায় ট্রেনে নাশকতার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণা দেয়ার পর যাত্রীদের টিকেটের মূল্য ফেরত দেয়া হয় বলে তিনি জানান।

জামালপুর জংশন রেল স্টেশনের সহকারী মাস্টার লিয়াকত আলী জানান, নাশকতার আশঙ্কায় শনিবার সকালে জামালপুর থেকে ঢাকাগামী আন্ত:নগর যমুনা, ঢাকা মেইল ডাউন ও জামালপুর কমিউটারের যাত্রা বাতিল করা হয়েছে।

বিভিন্ন স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধ এবং জামায়াত নিষিদ্ধের দাবিতে হরতাল ও অবরোধ চলছে।

‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করে শনিবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের কর্মসূচি রয়েছে হেফাজতে ইসলামের।

হেফাজতের লংমার্চ প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতাল করছে। এ হরতালে সমর্থন রয়েছে বামপন্থী দলগুলোর।

এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করে রেখেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ও ইসলামী ছাত্র শিবিরের হরতালের সময় মঙ্গলবার রাতে রেললাইনের ফিসপ্লেট খুলে ফেললে তূর্ণা নিশিথার ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেলে অন্তত ২০ জন আহত হন।

ইসলামী ছাত্রশিবিরের হরতালকারীরা বুধবার বগুড়ায় আধা কিলোমিটারজুড়ে রেল লাইনের প্যাডেল ক্লিপ খুলে ফেললে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।