২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া থেকেও ফিরে গেল হেফাজত সমর্থকরা

লংমার্চ করে ঢাকা আসার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পার হতে না পেরে হেফাজত সমর্থকরা ফিরে গেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার বেলা তিনটার দিকে দৌলতদিয়া পৌঁছালেও ফেরি না পেয়ে ফিরে যান ৩০/৩৫টি বাসে করে আসা এসব সমর্থক।

ঢাকা অভিমুখে লংমার্চ শুরু করেও ‘নিরাপত্তার আশঙ্কার’ কথা জানিয়ে এর আগে সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু থেকে ফিরে গেছেন হেফাজতে ইসলামের পাঁচ শতাধিক সমর্থক।

হরতাল-অবরোধে যানবাহন না পেয়ে সন্ধ্যায় সিলেট থেকে লংমার্চ করে ঢাকা আসার সিদ্ধান্ত প্রত্যাহার করে মহানগর হেফাজতে ইসলাম।

শনিবার ঢাকার সমাবেশে যোগ দিতে মাগুরা, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা থেকে এসে ফেরিঘাটে আটকে পড়ে হেফাজত সমর্থকরা।

হেফাজতে ইসলামের লংমার্চ ও সমাবেশ প্রতিহত করতে ডাকা হরতাল-অবরোধের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌ চলাচল প্রায় বন্ধ থাকায় নদী পার হতে পারেনি হেফাজত কর্মীরা।

ঢাকা আসতে না পেরে তারা নিজ নিজ এলাকায় ফিরে যান।

‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করে শনিবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

এদিকে হেফাজতের এই কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।

এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।