২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হেফাজতের লংমার্চ সম্পূর্ণ ব্যর্থ হবে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, হেফাজতে ইসলামের লংমার্চকে জনগণ সমর্থন করতে পারে না।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “লংমার্চের নামে যা হবে, তা সম্পূর্ণ ব্যর্থ হবে ইন্শাল্লাহ।”

শুক্রবার দুপুরে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে বিএনপির সমর্থন নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের উৎসাহিত করার জন্য যদি এ লংমার্চ হয়, তাহলে বাংলার জনগণ তাদের ক্ষমা করবে না।”

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

সম্মেলন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।

সম্মেলন শেষে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এমএ মালেককে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাখাওয়াত হোসেন সাকুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।