ফুটবল খেলা নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ
সুনামগঞ্জের জয়নগর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মোহনপুর ও সরদারপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলার পুলিশ সুপার মো. নূরে আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খেলা নিয়ে মোহনপুর ও সরদারপুর গ্রামের কয়েকজন তরুণের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
