২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হরতালের মিছিলে পুলিশের বাধা

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরাধে হরতালের শুরুতেই সিলেটে হরতালকারীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 01:30 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট হরতালের সমর্থনে মিছিল বের করলে জিন্দাবাজার এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ।

সেখানেই রাস্তায় বসে পড়ে হরতালের সমর্থনে স্লোগান দেন তারা। রাত ৮টার দিকে মিছিলকারীরা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।

শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে শুক্রবার লংমার্চ নিয়ে ঢাকায় আসার কথা হেফাজতে ইসলামের, শনিবার রাজধানীতে তাদের সমাবেশ করার কথা।

হেফাজতের এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার এই হরতালের ডাক দিয়েছে, যাতে সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলোও। 

কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, হরতালকারীদের মিছিলটি চৌহাট্রা থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টের দিকে যাওয়ার সময় ওই এলাকায় হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি ও সমাবেশ চলছিল। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিছিলটি আটকে দেয়া হয়েছে।

সিলেট ঘাতক-দালাল নির্মূল কমিটির সদস্য নিজাম উদ্দিন লস্কর ময়না জানান, পুলিশ মিছিলে বাধা দেয়ায় জিন্দাবাজার এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

সন্ধ্যার পর নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলাচল করছে না। 

এদিকে নাশকতা এড়াতে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

শুক্রবার সকাল থেকেই সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।