কামরাঙ্গীরচরে হেফাজত-আ.লীগ সংঘর্ষে নিহত ১
রাজধানীর কামরাঙ্গীরচরে হেফাজতে ইসলাম ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।
লালবাগ বিভাগের উপ কমিশনার হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ টিয়ার গ্যাস এবং গুলি ছুঁড়ে।
গুলিবিদ্ধ কয়েকজনকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শহিদুল ইসলাম (৩৬) নামে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাবা আফসার হাওলাদার জানান, আওয়ামীলীগ কর্মী শহিদুল ফলের ব্যবসা করতেন।
হাসপাতালে আনা গুলিবিদ্ধ অন্যরা হলেন ইকবাল হোসেন (৩২), মনির খান (৩০), নূর ইসলাম (২২) এবং বজলু বাবুর্চি (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল থেকে স্থানীয় জামিয়া নূরিয়া ইসলামিয়া নামের একটি মাদ্রাসা থেকে হেফাজতে ইসলাম মিছিল বের করার চেষ্টা করে। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তা প্রতিহত করতে পাল্টা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় টিয়ার গ্যাস এবং গুলি ছোঁড়া হয়।
পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদুল কিভাবে মারা গেছে তা তদন্ত করে দেখতে হবে।
ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
আহত ইকবাল এসময় নিজেকে স্থানীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক দাবি করে কামরুল ইসলামের কাছে অভিযোগ করেন, দলীয় পরিচয় দেওয়ার পরেও পুলিশ তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে।
ইকবাল সাংবাদিকদের জানান, তারা বিক্ষোভ করার সময় হেফাজতের কয়েকজন তাদের ওপর হামলা চালায়। দুই পক্ষ ইটপাটকেল ছোঁড়ার সময় পুলিশ বিনা উস্কানিতে গুলি চালায়।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক সুলতান মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আছরের নামাজ পড়ার সময় বাইরে বোমার শব্দ পাই। পরে বাইরে গিয়ে দেখি লাংমার্চের অংশগ্রহণকারীদের মারধর করছে ছাত্রলীগ-যুবলীগের নেতা কর্মীরা।”
তাদের ছাড়িয়ে আনতে গিয়ে সংঘর্ষ শুরু হয়। এসময় ছাত্রলীগ-যুবলীগের হামলায় তাদের ৩০জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত শহিদুল ইসলামের বাবা আফসার হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মধ্যে শহিদুল সবার বড়। তাদের গ্রামের বাড়ি মাদারিপুরে। বর্তমানে কামরাঙ্গীচরের খলিফাগার্ড এলাকায় থাকেন।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করে শনিবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের কর্মসূচি রয়েছে হেফাজতে ইসলামের।
এদিকে হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতাল করছে। এ হরতালে সমর্থন রয়েছে বামপন্থী দলগুলোর।
এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করে রেখেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
