জামায়াতের সমর্থনকারীরাও দোষী: মুহিত
জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে ‘হিংস্র’ সংগঠন হিসাবে আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তাদের সমর্থনকারীরাও দোষী।
অর্থমন্ত্রী বলেন, “জামায়াত যুদ্ধাপরাধী, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। এ দেশটাকে তারা ধ্বংসের চেষ্টা করেছে। দেশে জামায়াত-শিবির নিষিদ্ধ হওয়া উচিত। যারা তাদের সমর্থন করছে তারাও গিল্টি।”
জামায়াত-শিবির নিষিদ্ধের কথা উল্লেখ করে মুহিত বলেন, “রাষ্ট্র ও জনগণ সমস্ত শক্তি দিয়ে তাদের বদমাশী কর্মকাণ্ড বন্ধ করবে। এটা নিষিদ্ধ হওয়া উচিত কারণ, একটা হিংস্র পার্টির দেশে থাকার অধিকার নেই।”
এর আগে মন্ত্রী ওয়ালটনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় সেখানে আরবি গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভি, ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস অ্যান্ড পলিসি) ফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
