২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সিডরে উস্কানি দিবেন না: ইনু

জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক মৌলবাদীরা ইসলাম রক্ষার নামে ‘রাজনৈতিক সিডর’ শুরু করেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, সেই সিডরে উস্কানি দেবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার সকালে ইস্কাটনের বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশকে এখন চারটি বিষয় মোকাবেলা করতে হচ্ছে। লিঙ্গ সমতা, দারিদ্র্য, জলবায়ুর পরিবর্তন এবং সংবিধান রক্ষার যুদ্ধ নিয়মিত চলছে।

“তবে সাম্প্রতিক সময়ে সংবিধান রক্ষার যুদ্ধে সরকারকে ব্যাপক দৃষ্টি দিতে হচ্ছে। কারণ এখন রাজনীতির সিডর চলছে।”

‘নাস্তিক’ ব্লগারকে শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম শনিবার চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি দিয়েছে। তাদের এই কর্মসূচির বিরুদ্ধে সেক্টর কমান্ডার্স ফোরামসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল ডেকেছে।

মহাজোট নেতা ইনু বলেন, “জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক মৌলবাদীরা ইসলাম রক্ষার নামে এই রাজনৈতিক সিডর শুরু করেছে। এই ‍সিডর দিয়ে সরকারকে ধাক্কা দিতে চেষ্টা করছে।”

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার প্রতি অনুরোধ জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক মৌলবাদীদের সৃষ্ট সিডরে সহযোগিতা না করে দেশ রক্ষায় সরকারকে সহযোগিতা করুন।”

বৃহস্পতিবার সাতক্ষীরায় এক সমাবেশে খালেদা জিয়া অভিযোগ করেন, ‘নাস্তিকদের’ শাস্তির দাবিতে হেফাজতে ইসলামীর কর্মসূচি বানচালে সরকার হরতাল ডেকেছে।

ওই সমাবেশে তিনি আরো বলেন, “হেফাজতে ইসলাম মহানবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের শাস্তি দাবি করেছেন। অথচ সরকার সেখানে তাদের শাস্তি না দিয়ে জামাই আদরে আরও বেশি লালন পালন করছে। খানা-পিনা দিয়ে নাচা-নাচি করিয়ে তাদের টেলিভিশনে দেখানো হচ্ছে।”

২০০৯ সালে দেশের দক্ষিণাঞ্চলে আইলায় ক্ষতিগ্রস্ত মানুষদের বর্তমান অবস্থা নিয়ে শুক্রবার আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রতীর প্রধান নির্বাহী পরিচালক শারমীন মুরশীদ, ডা. সাকিবুর রহমান প্রমুখ।