২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক লাখ হেফাজত কর্মী ঢাকায়’

লংমার্চ করে এসে শনিবার মতিঝিলের সমাবেশে যোগ দেয়ার কথা থাকলেও হেফাজত ইসলামের প্রায় এক লাখ নেতাকর্মী এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন বলে দাবি করেছেন সংগঠনের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 10:15 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

হেফাজত ইসলামে মতিঝিল সমাবেশের সমন্বয়কারী মুফতি মিজানুর রহমান সাঈদ শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন।”

রাজধানীর বিভিন্ন মাদ্রাসা, হোটেল, এতিমখানা এবং আত্মীয়-স্বজনদের বাসায় তারা অবস্থান করছেন বলে তিনি জানান।

তবে ঢাকায় আসতে কর্মীদের বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে মিজানুর রহমান বলেন, “আমার কাছে খবর আসছে, কুমিল্লার বিশ্বরোড, মাইজদী চৌরাস্তা, রংপুর ও হবিগঞ্জ থেকে বাস আসতে বাধা দেওয়া হয়েছে।”

কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে চট্টগ্রামভিত্তিক হেফাজত, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।

এছাড়া গণজাগরণ মঞ্চ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে।

মিজানুর বলেন, “আগামীকাল (শনিবার) পযরন্ত অপেক্ষা করব। যদি সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে পারি তাহলে কোনো কথা নেই। না পারলে রোববার থেকে লাগাতার হরতালে কর্মসূচি বহাল থাকবে।”

এ পরিস্থিতিতে সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে এই হেফাজত নেতা বলেন, “যেসব জেলা থেকে বাধা আসছে, সেসব জেলায় আমাদের লোকজনকে বলছি স্থানীয় প্রশাসনকে আলেমদের দেয়া প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানাতে।”

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের এর ব্যানারে আলেমরা সাতটি দাবি তুলে ধরলে তার অধিকাংশই পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারা হেফাজতকে লংমার্চ করার অনুমতি দিতে অনুরোধ করলে ওই কর্মসূচিতে জামায়াতি নাশকতার আশঙ্কার কথা জানিয়ে সে বিষয়ে আলেমদের সজাগ থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

নাম প্রকাশ না করার শর্তে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার এক কর্মকর্তা বলেন, পুলিশ হেফাজত কর্মীদের কোনো বাধা দিচ্ছে না। সহিংসতার আশঙ্কায় সড়কে এমনিতেই গাড়ি চলছে তুলনামূলকভাবে কম।

চট্টগ্রাম ঢাকামুখী যাত্রীসেবার গাড়ীচালক হিরণ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো বাধা দেখছি না। চট্টগ্রাম থেকে ঢাকার বাসা যাচ্ছি।”