২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

হেফাজতে ইসলামের লংমার্চ এবং তা প্রতিহত করতে হরতাল-অবরোধের ঘোষণার মধ্যে সহিংসতার আশঙ্কায় রাজধানীর সঙ্গে আন্তজেলা বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 08:43 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার সকালের পর থেকেই রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি এবং ঢাকার বাইরে থেকেও কোনো বাস রাজধানীতে আসেনি।

পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে সহিংসতার আশংকায় পরিবহনের নিরাপত্তার জন্য মালিকরা সড়কে দূরপাল্লার বাস না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে শুক্রবার লংমার্চ নিয়ে ঢাকায় যাওয়ার কথা রয়েছে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠনের। শনিবার ঢাকার মতিঝিলে তাদের সমাবেশ করার কথা রয়েছে।

হেফাজতের এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে, যাতে সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলোও।

এদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের পক্ষ থেকেও শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।

বিভিন্ন পক্ষ থেকে লংমার্চ, হরতাল ও অবরোধের মত কর্মসূচি ঘোষণা করায় নিজেদের পরিবহণের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মালিকরা।

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, “সকালের পর রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। একইভাবে ঢাকার বাইরে থেকেও কোনো বাস আসেনি। সহিংসতার আশঙ্কায় মালিকরা বাস ছাড়ছেন না। কারণ হেফাজতে ইসলামের নেতারা যে ধরনের বক্তব্য দিয়েছেন তাতে বাস মালিকরা ভীত-শঙ্কিত।”

এনায়েত আরো বলেন, “তবে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে খবর পেয়েছি হেফাজতে ইসলামের নেতারা বাস চালানোর মালিকদের চাপ দিচ্ছেন।”

মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতেই মালিক সমিতি বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ সকালের পর মহাখালী থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়া হয়নি। হরতাল শেষ না হওয়া পর্যন্ত বাস চলাচল করবে না।

দুটি পক্ষের পাল্টা কর্মসূচিতে বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলে জানান আবুল কালাম।

আবুল কালাম বলেন, লংমার্চ কর্মসূচিতে বাস চলাচল করলে ভাংচুর বা অগ্নিসংযোগের ভয় রয়েছে।

তবে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু যাওয়া হরতালে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি সমর্থন দেয়নি বলে জানান বাস মালিকদের নেতা এনায়েত।

শুক্রবার সকাল থেকেই ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারসহ উত্তর বঙ্গ-দক্ষিণ বঙ্গে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছে বেসরকারি পরিবহন ইউনিক সার্ভিস।

চট্টগ্রামের স্টেশন রোডের ইউনিক পরিবহনের কর্মী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সর্বশেষ রাত তিনটায় চট্টগ্রাম থেকে বাস ছেড়েছে। মাঝপথে আটকে রয়েছে অধিকাংশ পরিবহন। মালিক সমিতির সিদ্ধান্তে কক্সবাজার-বান্দরবানসহ চট্টগ্রাম অঞ্চলের কোনো জায়গা থেকে দুরপাল্লার পরিবহন ছাড়ছে না।

এপরিবহনের গাবতলী শাখার কর্মী মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। ইউনিক পরিবহনও এর ব্যতিক্রম করেনি।”

পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তেই সায়েদাবাদ এলাকা থেকেও দেশের কোনো গন্তব্যের উদ্দেশ্যে বাস ছাড়েনি বলে জানান এ পরিবহনের সায়েদাবাদের কর্মী নাজমুল।