সিরাজগঞ্জে সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সম্মেলন পণ্ড
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিদ্বন্দ্বী দুই নেতার সমর্থকদের মধ্রে সংঘর্ষে চান্দাইকোনা ইউনিয়ন যুবলীগের সন্মেলন পণ্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন যুবলীগের সভাপতিপ্রার্থী হায়দার আলী ও মনিরুজ্জামান মুনজিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয় বলে পুলিশ জানায়।
এ ঘটনার পর মুনজিলের সমর্থকরা হায়দার আলীর ভাই আতাউরের স’ মিলে আগুন ধরিয়ে দেয়।
এরপর হায়দার আলীর সমর্থকরা সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ১৬ মাইলে গিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে।
রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম শিহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই পক্ষের সংঘর্ষের কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে।
ওসি আনিছ আহম্মেদ বলেন, স্থানীয়দের সহায়তায় স’ মিলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। র্যাব ও পুলিশ নেতাকর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।
