সিলেটে গণজারণ মঞ্চের স্মারকলিপি
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট গণজাগরণ মঞ্চ|
বৃহস্পতিবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে, সারাদেশে জামায়াত-শিবিরের হামলায় হতাহতের ঘটনায় জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে অভিযোগ গঠন এবং প্রক্রিয়া শুরু করা, অবিলম্বে জামায়াত-শিবিরের আর্থিক উৎস তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনালকে স্থায়ীরূপ দেয়া, জামায়াত-শিবিরের সন্ত্রাস ও তাণ্ডব বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে বিশেষ অভিযান চালানো এবং যুদ্ধাপরাধীদের রক্ষক ও সাম্প্রদায়িক উস্কানিদাতা গণমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী রজত কান্তি গুপ্ত, দেবাশীষ দেবু, অসিম দাশ, রাজিব রাসেল, একুম তফাদার, মনির হেলাল, নাজিয়া চৌধুরী প্রমুখ।
ফরিদপুর ও ময়মনসিংহ জেলায়ও একই দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে স্থানীয় গণজাগরণ মঞ্চের কর্মীরা।
