জামালপুরে রেল লাইনে গ্রেনেড
জামালপুরে রেল লাইনের পাথরের নিচে একটি গ্রেনেড পাওয়ার পর তা নিষ্ক্রিয় করা হয়েছে।
জামালপুর জিআরপি থানার ওসি ইসরাইল হোসেন বলেন, “রেললাইনের সংস্কার কাজ চলার সময় পাথরের নিচে গ্রেনেডটি দেখতে পান ডালিম নামের এক শ্রমিক।”
পরে সেনাবাহিনীকে খবর দেয়া হলে ঘাটাইল ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মিরাজের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা গ্রেনেডটি উদ্ধার করে বহ্মপুত্র নদের নাউভাঙ্গা চরে নিয়ে বিস্ফোরণ ঘটান।
ক্যাপ্টেন মিরাজ বলেন, আর্জেস মডেলের গ্রেনেডটি বিস্ফোরক হিসাবে অত্যন্ত শক্তিশালী।
এদিকে গ্রেনেড পাওয়ার পরপরই জামালপুর-দেওয়ানগঞ্জ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
জামালপুর রেল স্টেশনের মাস্টার জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইন বন্ধ থাকায় দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার ও দেওয়ানগঞ্জ লোকাল জামালপুর স্টেশনে আটকা পড়ে।
বিকাল সাড়ে ৩টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে স্টেশন মাস্টার জানান।
রেল শ্রমিক ডালিম বিশ্বাস সাংবাদিকদের জানান, রেলের নিয়মিত সংস্কার কাজের সময় পাথর সরাতে গিয়ে গ্রেনেডটি দেখতে পান তিনি। পরে জায়গাটি ঘিরে ফেলা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকেই সারাদেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবির কর্মীরা। তাদের নাশকতার অন্যতম লক্ষ্য ছিল দেশের রেলওয়ে অবকাঠামো।
গত দুই মাসে চট্টগ্রাম ও সিলেটে রেল লেইনের ফিসপ্লেট খুলে ফেলায় অন্তত তিনটি ট্রেন লাইনচ্যুত হয়ে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহীতে স্টেশনে আগুন দেয়াসহ বিভিন্ন স্থানে রেলের বগিতে আগুন দেযার ঘটনা ঘটে।
