২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে আরো ৩ জেলের লাশ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বঙ্গোপসাগর থেকে আরো তিন জেলের লাশ উদ্ধার করেছে নৌ বাহিনী ও কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা ২৭ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলী আকবর ডেইল উপকূলের পশ্চিম-উত্তর বঙ্গোপসাগরের জাহাজ ফাঁড়ি এলাকা থেকে ওই তিনটি লাশ উদ্ধার করা হয়।

কুতুবদিয়ার থানার ওসি (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাত-পা বাঁধা মৃতদেহ তিনটি নৌ বাহিনীর কাছ থেকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

দুটি লাশের মাথা নেই। ফলে তাদের শনাক্ত করা সম্ভব হবে না বলে ওসি জানান।

মহেশখালী থানার ওসি হাবিবুর রহমান জানান, বুধবার রাতে উদ্ধার হওয়া তিন লাশেরও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে ওসি জানান।

গত ৩০ মার্চ ৩টি মাছ ধরার ট্রলারে হামলা চালায় জলদস্যুরা। ওই সময় ৩৪ জেলেকে অপহরণ করে তারা। ঘটনাস্থল থেকে তিন জেলে প্রাণে বেঁচে ফিরলেও সোমবার থেকে সাগরে লাশ ভেসে উঠতে শুরু করে। ওইদিন বাঁশখালী এলাকা থেকে ৩ জেলের লাশ উদ্ধার করা হয়।

এরপর নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আরো ২৪ জনের লাশ উদ্ধার করেন। 

নিখোঁজ অন্যান্য জেলের খোঁজে সাগরে অনুসন্ধান অব্যাহত রেখেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ড।