হ্যালো’র সাংবাদিক হতে পারবে ঢাকার শিশুরাও
বিশেষায়িত ওয়েবসাইট hello.bdnews24.com এর সাংবাদিক হতে আগ্রহী ঢাকা মহানগরের শিশুদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।
৪ এপ্রিল থেকে ডাকযোগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠিকানা অথবা অনলাইনে bdnews24.com ও hello.bdnews24.com-এ ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোররা আবেদন করতে পারবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১০ এপ্রিল।
গত ৩১ মার্চ রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন। এর সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত থাকবে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোর সাংবাদিকরা।
আর্ন্তজাতিক শিশু তহবিল ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাইটটি পরিচালনা করছে।
ডাকযোগে আবেদন করতে চাইলে আবেদনপত্রে আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, অভিভাবকের পেশা, বয়স, ছেলে/মেয়ে, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি, ঠিকানা, ই-মেইল অ্যাড্রেস (যদি থাকে) ও মোবাইল/ফোন নম্বর, শারীরিক প্রতিবন্ধী কিনা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কিনা উল্লেখ থাকতে হবে।
এর আগে দেশের ২০টি জেলা থেকে ২১০জন শিশুকিশোরকে শিশুসাংবাদিক হিসেবে নির্বাচন করা হয়।
