শিশুকিশোর সংবাদসেবা নিয়ে আসছে ‘হ্যালো’
শিশুদের সংগ্রহ করা খবর নিয়ে শিশুদের জন্য আগামী রোববার চালু হচ্ছে বিশেষায়িত ওয়েবসাইট hello.bdnews24.com।
এই ওয়েবসাইটের জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত থাকবে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোর সাংবাদিকরা।
ওয়েবসাইটটি পরিচালনা করবে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র bdnews24.com। আর এ উদ্যোগে সহযোগিতা দিচ্ছে জাতিসংঘ শিশু তহবিল -ইউনিসেফ। সরাসরি দেখতে ক্লিক করুন এই লিঙ্ক এ http://bangla.bdnews24.com/special/
bdnews24.com এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক এবং শিশু সাংবাদিক বাছাই প্রক্রিয়ার সমন্বয়ক মুজতবা হাকিম প্লেটো শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, hello.bdnews24.com এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
হোটেল রূপসী বাংলায় বেলা ১১টায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলনেভ।
এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরতেই শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
kidz.bdnews24.com সম্পাদক ও bdnews24.com এর সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ সংবাদ সম্মেলনে বলেন, bdnews24.com ২০০৭ সালে প্রথমবারের মতো বাংলায় শিশুদের জন্য একটি বিশেষায়িত ওয়েবসাইট চালু করে। অল্প সময়ের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায় kidz.bdnews24.com।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে bdnews24.com এর সুনামের কারণে ইউনিসেফ শিশু সাংবাদিকতা নিয়ে একসঙ্গে কাজ করার জন্য একটি প্রস্তাব নিয়ে আসে। bdnews24.com সানন্দে সেই প্রস্তাবে সাড়া দেয়।
“শিশুদের সাহসিকতা, বীরত্ব বা ভালো যে কোনো কাজই খবর হতে পারে। আমাদের এই ওয়েবসাইটে সেই প্রয়াসই থাকবে।”
২০০৯ ও ২০১১ সালে ইউনিসেফ পরিচালিত দুটি জরিপের বরাত দিয়ে তিনি জানান, মূলধারার গণমাধ্যমে মাত্র তিন শতাংশ জায়গা পায় শিশুরা। এর মধ্যে দুই শতাংশই দুর্ঘটনা ও অন্যান্য খবর। আর শিশুদের অধিকার নিয়ে খবর থাকে মাত্র এক শতাংশ।
hello.bdnews24.com এর মাধ্যমে এই হারকে ১০ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ইউনিসেফের এই কর্মকর্তা।
তিনি বলেন, bdnews24.com যেহেতু সংবাদ সংস্থার ভূমিকাও পালন করে, সেহেতু অন্যান্য গণমাধ্যমও hello.bdnews24.com এর সংবাদ নিয়ে তা প্রকাশ করতে পারবে।
মুজতবা হাকিম প্লেটো জানান, hello.bdnews24.com এর সঙ্গে কাজ করার জন্য প্রাথমিকভাবে ইউনিসেফ নির্বাচিত ২০টি জেলার প্রায় তিন হাজার শিশু কিশোরের মধ্যে থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ২১০ জনকে নির্বাচিত করা হয়।
নির্বাচিতদের নিয়ে প্রাথমিক একটি কর্মশালাও পরিচালনা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মুজতবা হাকিম বলেন, শারীরিক প্রতিবন্ধী, সমাজের সুবিধাবঞ্চিতসহ সব শ্রেণি পেশার শিশুরাই যাতে এ আয়োজনে অংশ নিতে পারে, সে জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করেছেন।
bdnews24.com এর বার্তা সম্পাদক গাজী নাসিরুদ্দিন খোকন বলেন, শিশুকিশোরদের নিয়ে আয়োজন হলেও এই সংবাদ সেবাকে একেবারে ‘শিশুতোষ’ বলা যাবে না। শিশুরা যাতে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের বিষয়গুলো শিখতে পারে, সে চেষ্টা থাকবে পুরো মাত্রায়।
“শিশুরা কীভাবে কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে সংবাদ সংগ্রহ করবে এবং কীভাবে তা পরিবেশন করা হবে তা নিয়ে আমরা একটি নীতিমালাও তৈরি করেছি। আমাদের জ্যেষ্ঠ সম্পাদকদের তত্ত্বাবধানে শিশুরাই এখানে সব কাজ করবে।”
kidz.bdnews24.com সম্পাদক বেবী মওদুদ বলেন, “এই শিশুরা সাংবাদিকতার প্রশিক্ষণ নিয়ে পরবর্তী জীবনে সাংবাদিকতাকেই পেশা হিসাবে বেছে নেবে এমন নয়। তবে এখানে কাজ করতে এসে পেশাদারিত্বের বিষয়গুলো তাদের শেখা হবে, যা তাদের পরবর্তী জীবনে কাজে লাগবে।
