সিলেটে পরিবেশ অধিদপ্তরে আ. লীগের ভাঙচুর
টিলা কাটার অভিযোগে নোটিশ দেয়ায় সিলেটে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
বুধবার বিকালে নগরীর উপশহরে এ হামলার সময় অফিসের আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক এসএম ফজলুল করিম বলেন, শহরতলীর বিমানবন্দর রোডে বড়শলায় ‘ড্রিম সিটি’ নামের একটি আবাসন কোম্পানির হয়ে টিলা কাটাচ্ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ।
এ কারণে বুধবার পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট বিভাগ থেকে একটি নোটিশ জারি করা হয় আবাসন কোম্পানি কর্তৃপক্ষ বরাবর।
নোটিশের মাধ্যমে আবাসন কর্তৃপক্ষকে ঢাকায় তলব করা হয়।
তিনি বলেন, নোটিশ পাওয়ার পর বিকালে আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ ছাত্রলীগ কর্মী আলফু, ছালেকসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে পরিবেশ অধিদপ্তর সিলেট অফিসে গিয়ে কর্মকর্তাদের উপর চড়াও হন। তিনি নোটিশ প্রত্যাহারের দাবি জানান।
কিন্তু পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নোটিশ প্রত্যাহারে রাজি না হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অফিসের আসবাবপত্র, একটিমোটর সাইকেল ভাঙচুর করেন। তারা গবেষণাগারে আগুন দেয়ারও চেষ্টা করেন।
পরে স্থানীয় ছাত্রলীগ নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন, বলেন পরিবেশ কর্মকর্তা।
এ ব্যাপারে জুনেদ আহমদ বলেন, নির্বিঘ্নে টিলা কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মালেক তার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন। এরপরও তাকে নোটিশ দিয়েছেন।
“টাকা নিয়ে নোটিশ দেয়ার কারণ জানতে চাইলে মালেক দুর্ব্যবহার করেন। এসময় উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে কিছু ভাঙচুর করেন,” বলেন জুনেদ।
শাহপারণ থানার ওসি লিয়াকত আলী বলেন, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
