রাজশাহী বিভাগে বাস ধর্মঘট বৃহস্পতিবার
হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে রাজশাহী বিভাগে বৃহস্পতিবার অর্ধদিবস বাস ধর্মঘট ডেকেছে শ্রমিকরা।
এ কর্মসূচির আওতায় সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে বলে মোটর শ্রমিক ইউনিয়ন জানিয়েছে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি বলেন, হরতালের নামে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং চালক-শ্রমিকদের মারধর করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ছিল। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর কাপাসিয়া এলাকায় একটি বাসসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
রবি অভিযোগ করেন, হরতাল চলাকালে বাসের চালক ও সহকারীকে মারধর করে জামায়াত-শিবিরকর্মীরা।
প্রতিটি হরতালেরই আগের দিন একইভাবে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এর প্রতিবাদে বাস চালক ও শ্রমিকরা কর্মবিরতি পালন করবে, বলেন তিনি।
