২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় সময় ‘কম’ পাওয়ায় সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা

পরীক্ষায় সময় কম পাওয়ার অভিযোগ তুলে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছে একদল এইচএসসি পরীক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সরকারি কমার্স কলেজ কেন্দ্রের কয়েকশ পরীক্ষার্থী বুধবার বেলা সোয়া  ১টার দিকে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় শেখ মুজিব সড়কের বাদামতলী মোড়ে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে।

পরে পুলিশের হস্তক্ষেপে বেলা সোয়া ২টার দিকে সড়ক থেকে সরে যায় তারা।

পরীক্ষার্থীদের অভিযোগ, গত ১ এপ্রিল বাংলা প্রথম পত্রের পরীক্ষার রচনামূলক অংশ নিয়মানুযায়ী আগে নেয়ার কথা থাকলেও কমার্স কলেজ কেন্দ্রের শিক্ষকরা বহুনির্বাচনী অংশটি আগে নেন।

এছাড়া পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের কিছু আগে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণের জন্য উত্তরপত্র দেয়ার নিয়ম থাকলেও  কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা তা দেননি।

শিক্ষকদের এই অবহেলার কারণে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা বহুনির্বাচনী অংশের পরীক্ষায় ১০ থেকে ১৫ মিনিট সময় কম পেয়েছেন বলে অভিযোগ করেন ওই কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থী জুনায়েদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদ জানাতেই তারা রাস্তায় নেমেছেন।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের মধ্যে ইসলামিয়া ডিগ্রি কলেজ, সরকারি সিটি কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

এদিকে, ওই পরীক্ষায় নিয়মের কোনো ব্যতয় ঘটেছে কি না তা খতিয়ে দেখতে ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পীযুষ দত্ত জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথম পরীক্ষার দিন কিছু সমস্যা হওয়ার কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) হাসানুজ্জামান বলেন, কমার্স কলেজ কেন্দ্রের কিছু পরীক্ষার্থী সড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।