২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হেফাজতের লংমার্চে বিশৃঙ্খলা হলে দায় খালেদার’

শনিবার হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লংমার্চে কোনো ‘বিশৃঙ্খলা’ হলে তার দায় খালেদা জিয়াকে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্টমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 12:56 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “হেফাজতে ইসলামের ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচিতে ১৮ দল গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারে যদি মিশে যায় তবে এটা তাদের ব্যাপার। তবে যদি কোনো বিশৃঙ্খলা হয়, সেক্ষেত্রে তার দায়দায়িত্ব খালেদা জিয়াসহ তাদের অন্যান্য নেতাদের বহন করতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "১৮ দল সুযোগ সন্ধানী; তারা অন্যের কাঁধে বন্ধুক রেখে গুলি চালাতে চায়। তারা সাবধানে থেকে অন্যদের সামনে ঠেলে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। এটা এখানে প্রমাণিত হয়ে গেছে।”

শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে লংমার্চ করে আগামী ৬ এপ্রিল রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

হেফাজতে ইসলামের এই কর্মসূচির প্রতি ‘নৈতিক’ সমর্থন দিয়েছে বিএনপি।

হেফাজতে ইসলামীর লংমার্চ নিয়ে বাড়তি কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার জন্য যখন যে সময়ে যে পদক্ষেপ নেয়া দরকার, আমরা তা করছি।”

হেফাজতে ইসলামীর কর্মসূচিতে বিরোধী জোটের নেতাকর্মীরা ব্যানার নিয়ে হেফাজতের কর্মসূচিতে যোগ দিতে চাইলে তাদের বাধা দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

“এই কর্মসূচিতে বিএনপি, জামায়াত-শিবির বিশৃঙ্খলা করলে তা দমন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।”

সরকারের সঙ্গে হেফাজতে ইসলামীর সমঝোতার যে অভিযোগ করা হচ্ছে তাকে ভিত্তিহীন বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ধর্মীয় অনভূতিতে আঘাত দেয়ার মত কাজ করায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১১ ব্লগারকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা দ্বণ্ডনীয় অপরাধ করেছেন, এজন্য তাদের শাস্তি ভোগ করতে হবে।”

রাজশাহীতে শিবিরকর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যের সাহায়্যে এগিয়ে আসা নারীকে যথাযথ স্বীকৃতি ও পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

পুরনো খবর:

হেফাজতকে বিএনপির সমর্থন