'বুদ্ধি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে এগিয়ে আসুন'
অটিস্টিক এবং বুদ্ধি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে সরকারের পাশাপাশি স্বচ্ছলদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ে বুধবার সকালে ‘স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমসে’ ফ্লোর হকিতে স্বর্ণপদক জয়ী দলের খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে তিনি এই আহবান জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান।
দক্ষিণ কোরিয়ার পিয়াং চ্যাংয়ে বাংলাদেশ দলের বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়রা ফ্লোর হকিতে স্বর্ণপদক পেয়েছেন।
প্রধানমন্ত্রী ফ্লোর হকি দলের ১৪ জন খেলোয়াড় এবং তিনজন প্রশিক্ষকের প্রত্যেককে এক লাখ টাকার চেক দেন।
প্রধানমন্ত্রী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, অনেক ক্ষেত্রে স্বাভাবিক খেলোয়াড়দের চেয়ে বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়দের অর্জন অনেক বেশী।
বাংলাদেশ শিশু একাডেমীর কার্যক্রমে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভূক্ত করার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী এসময় বলেন, অটিস্টিক শিশুদের প্রাথমিক সেবা প্রদান করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ‘সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট এ্যান্ড অটিজম ইন চিলড্রেন’।
অটিস্টিক শিশুদের কল্যাণে প্রধানমন্ত্রী তার মেয়ে সায়মা হোসেনের উদ্যোগের কথাও তুলে ধরেন।
সায়মা হোসেন ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি, গ্লোবাল অটিজম পাবলিক হেলথ (জিএপিএইচ) বাংলাদেশের চেয়ারপার্সন। তার উদ্যোগে বিশ্বব্যাপী অটিজম সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রস্তাব গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত হয়। গত ডিসেম্বরে সাধারণ পরিষদে এটি গৃহীত হয়েছে।
বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস্ কমিটির চেয়ারম্যান শামীশ মতিন চৌধুরী অটিজমের বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা গড়ে তুলতে প্রধানমন্ত্রী এবং তার মেয়ে সায়মা হোসেনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
