রামুতে অস্ত্রসহ ২ রাখাইন যুবককে ধরিয়ে দিল জনতা
রামুতে বিদেশি অস্ত্রসহ রাখাইন দুই যুবককে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চৌমুহনী এলাকার লাল চিং বৌদ্ধ বিহারের সামনে থেকে এদের ধাওয়া করে একজনকে পুলিশের কাছে, অন্যজনকে বিজিবির কাছে সোপর্দ করা হয়।
দুজনের কাছে ম্যাগজিনভর্তি গুলিসহ একটি আমেরিকান পিস্তল, একটি চাইনিজ পিস্তল এবং ২১ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।
আটক রাখাইন যুবকরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মৃত মেউ রাখাইনের ছেলে লেখাই রাখাইন (২০) এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়ার সেং রে রাখাইনের ছেলে সেং সেং রে (২৫)।
বিজিবির কক্সবাজারের ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছে আটক লেখাই রাখাইনকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার আগে একটি মামলা করা হবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লেখাই জানিয়েছেন, চাইনিজ পিস্তল ও ২১ রাউন্ড গুলিসহ গত ২৯ মার্চ টেকনাফ সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বলেন, “দেশের চলমান প্রেক্ষিতে রামুতে বিদেশি পিস্তলসহ ২ জন আটকের ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
“রামু বৌদ্ধ বিহারে হামলা, সম্প্রতি রোহিঙ্গা জঙ্গি সালাউলকে গ্রেপ্তার এবং রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কেন অস্ত্রসহ এরা এল, সে বিষয়টি নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন,” বলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৌদ্ধ বিহারের সামনে সন্দেহজনক ঘোরাফেরা দেখে জনতা তাদের ধাওয়া করে আটক করে।
