নাটোরে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
নাটোরে দুই দিন ধরে নিখোঁজ এক এইচএসসি পরীক্ষার্থীর কোনো খোঁজ দিতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার প্রথম পরীক্ষা দেয়ার পর বিকালে এক বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি নাজমুস সালেহীন নয়ন। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
নয়নের বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালের চিকিত্সক আব্দুস সালাম এবং মা প্রভাষক নাজনীন আক্তার।
শহরের হাজরা এলাকার বন্ধু শুভর বাড়িতে যাওয়ার কথা বললেও সেখানে সে যায়নি বলে শুভর বাড়ি থেকে জানানো হয়েছে।
সন্ধ্যার পর থেকে সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও নয়নের কোন হদিস পাওয়া যায়নি বলে জানান নয়নের মামা শহীদুজ্জামান।
মা নাজনীন আক্তার বলেন, “আমার ছেলে অসম্ভব মেধাবী ও শান্ত প্রকৃতির। তাকে কেউ ধরে রেখেছে বলে আমার মনে হচ্ছে। পুলিশ ও র্যাব আমার নয়নের কোনো সন্ধান দিতে পারেনি। আমার নয়নের মনিকে আমি ফেরত চাই।”
বাবা আব্দুস সালাম জানান, এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া নয়নের এবারও ভাল ফল করার প্রত্যাশা ছিল।
নাটোর থানার ওসি আসলাম হোসেন বলেন, “নয়ন নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। তার নিখোঁজের সঠিক কারণ এখনো জানা যায়নি। কেউ আটক রেখেছে এমন কোন আলামতও পাওয়া যায়নি।”
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় নয়ন। সোমবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সবুজ গেঞ্জি ও প্যান্ট।
