মাদ্রাসা শিক্ষার উন্নয়নে শত কোটি টাকা
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ১০১ কোটি টাকা ব্যয় করবে সরকার।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদিত হয়েছে।
এই প্রকল্পের ৮৪ কোটি টাকা দেবে ইসলামী উন্নয়ন ব্যাংক। বাকি অর্থ সরকার জোগান দেবে বলে পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
‘নির্বাচিত মাদ্রাসাসমূহের শিক্ষার পরিবেশ উন্নয়ন’ নামের এ প্রকল্পের আওতায় ৯৫টি মাদ্রাসার প্রত্যেকটিতে একটি করে একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
“এসব মাদ্রাসার শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে তাদের ইংরেজি, আরবি ও আইসিটিভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে,” বলা হয়েছে প্রকল্পের কার্যপত্রে।
পরমাণু প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবারের একনেক সভায় দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের কাজ শুরুর প্রকল্পও অনুমোদিত হয়।
এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২৪২ কোটি টাকা। এর মধ্যে ৪ হাজার কোটি টাকা রাশিয়ার কাছ থেকে ঋণ হিসেবে আসবে।
পাবনার রূপপুরে দুই হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে সরকার।
ক্রেমলিনে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিন
পরিকল্পনা সচিব সাংবাদিকদের বলেন, একনেকে অনুমোদিত প্রকল্পটির আওতায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সাইট অফিস, আবাসিক ভৌত অবকাঠামো, প্রয়োজনীয় ডিজাইন ও ডকুমেন্টেশন সম্পাদন করা হবে।
প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, মূল নির্মাণ কাজের জন্য রাশিয়ার সঙ্গে প্রয়োজনীয় আর্থিক ও নির্মাণ সংক্রান্ত চুক্তি হবে।
মঙ্গলবারের সভায় আরো ছয়টি প্রকল্প অনুমোদিত হয়েছে বলে পরিকল্পনা সচিব জানান।
‘শাহজিবাজার ৩০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণ’ নামে বিদ্যুৎ খাতের অন্য একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক।
এর অধীনে দুই হাজার ৮৪৪ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জের শাহ্জিবাজারে আগামী দুই বছরের মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এ প্রকল্পে চীনা এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি ১ হাজার ৯৪৬ কোটি টাকা দেবে।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মহাবিদ্যালয় স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প (২৩১ কোটি টাকা), গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স (বর্তমানে বাপার্ড), সম্প্রসারণ, সংস্কার ও আধুনিকায়ন (সংশোধিত) প্রকল্প (২২৭ কোটি টাকা), সিলেট সিটি কর্পোরেশনের অনুন্নত এলাকার রাস্তা, ড্রেন রিটেইনিং ওয়াল ও কালভাট নির্মাণ প্রকল্প (১৫৩ কোটি টাকা), শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন প্রকল্প (১৮৬ কোটি টাকা) এবং কনভার্শন অফ ১০০ মেগাওয়াট বাঘাবাড়ী গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট টু ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প (৫১৪ কোটি টাকা)।
সচিব জানান, অনুমোদিত আট প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৪৯৮ কোটি টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট ৬ হাজার ৪৬৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
