২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্বামী-স্ত্রীসহ ৩ লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া এবং কালিয়াকৈর উপজেলা থেকে স্বামী-স্ত্রীসহ তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

কাপাসিয়া উপজেলার পশ্চিম বড়িবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে সোমবার বিকালে মো. আলামিন (২২) ও তার স্ত্রী পলি আক্তারের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ।

আলামিন পশ্চিম বড়িবাড়ি এলাকার আ. বারেকের ছেলে। দেড় বছর আগে জামালপুরের গোড়াকান্দা এলাকার আলাল উদ্দিনের মেয়ে পলির সঙ্গে তার বিয়ে হয়।

নিহত দম্পতির পরিবারের বরাত দিয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, সোমবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় দরজার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে তাদের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা।

আড়া থেকে লাশ নামিয়ে পুলিশে খবর দেয় তারা। বিকাল ৪টায় লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

একই দিন সন্ধ্যা ছয়টার দিকে কালিয়াকৈর উপজেলার রূপনগর এলাকার একটি খাল থেকে কামাল হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকার কামাল হোসেন সৌদি আরবে ছিলেন। 

মৃগী রোগ থাকায় ৪/৫ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। পরে তার পরিবার রূপনগর এলাকায় জমি কিনে বাড়ি তৈরি করে।

সাইফুল ইসলাম আরও বলেন, রোববার রাতে বাড়ি ফেরার পথে ওই খালে পড়ে ডুবে গিয়ে মারা যান কামাল।