বাধা আসলে কঠোর কর্মসূচির হুমকি হেফাজতের
লং মার্চে বাধা দিলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘির মাঠে রেসালাত সম্মেলন থেকে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।
‘নাস্তিক’ ব্লগারদের বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ৬ এপ্রিল ঢাকামুখী লং মার্চের ডাক দিয়েছে হেফাজত।
রেসালাত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমীর আল্লামা আহমদ শফী।
আহমদ শফী তার বক্তব্যে বলেন, “আমরা যে ১৩ দফা দাবি দিয়েছি তার একটাও সরকার বিরোধী নয়। আমরা সরকারের বিপক্ষে কোন কাজ করছি না।”
লং মার্চ স্থগিত করতে সরকারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, লং মার্চ তার বিষয় নয়। দুই তিন হাজার আলেমকে দাওয়াত করে এটা ঠিক করা হয়েছে। তাই তিনি এটা স্থগিত করতে পারবেন না।
লং মার্চ সফল করতে সরকারের সহযোগিতা চেয়ে আল্লামা শফী বলেন, “লং মার্চে বাধা দিবেন না। বাধা না দিলে আমরা বলতে পারব এ সরকার আমাদের পক্ষের সরকার। আর যদি বাধা দেন তাহলে বলব এ সরকার নাস্তিকদের সরকার।”
আর লং মার্চে বাধা দেয়া হলে প্রয়োজনে ‘শাহাদাত বরণ’ করতেও প্রস্তুত আছেন বলে ঘোষণা দেন হেফাজতের আমীর।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব জুনাইদ বাবুনগরী, জ্যেষ্ঠ নায়েবে আমির মহিবুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর আবদুল মালেক প্রমুখ।
