২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হাতবোমা বিস্ফোরণ, আহত প্রকৌশলী  

হরতালের আগের রাতে বগুড়া শহরে এক সময়ে পাঁচটি স্থানে অন্তত ১০টি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 02:56 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

রাত ৮টার দিকে এ বিস্ফোরণে বগুড়ার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী খাদেমুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত আরেকজনের নাম জানা যায়নি।

খাদেমুলকে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পাঠানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।

মোহাম্মদ আলী হাসপাতালের চিকিৎসক খালিদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হাসপাতালে আনার পর মনে হয়েছে তার বাম চোখ নষ্ট হয়েছে। তাই দেরি না করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, হরতালের সমর্থনে জামায়াত-শিবির জনমনে ভীতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, রাত ৮টার দিকে একইসঙ্গে তেলিপুকুর, ইয়াকুবিয়ার মোড়, খান্দার, পিটিআই মোড় এবং বগুড়া প্রজন্ম থেকে ৬০ গজ দূরে পোস্ট অফিসের সামনে ১০টি ককটেল বিস্ফোরণ হয়।

বোমার আঘাতে প্রকৌশলী খাদেমুলের একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। গভীর রাতে তাকে ঢাকা পাঠানে হয়।

এ ঘটনার পর আতঙ্কিত লোকজন দোকানপাট বন্ধ করে দিয়েছে।শহর ফাঁকা হয়ে যায়।

পুলিশ-র‌্যাব শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে, বলেন ওসি।