রাবিতে দুই শিবিরকর্মীকে পিটুনি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে পিটুনি দিয়েছে ছাত্রলীগকর্মীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে পেটানো হয় ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন ও আলী হোসেনকে।
পরে পুলিশ তাদের উদ্ধার করে। বোরহান উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আলী হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মতিহার থানার ওসি আব্দুর মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ে ক্লাশ করতে আসেন তারা। ছাত্রলীগকর্মীরা তাদের আটক করে টুকিটাকি চত্বরে এনে জিজ্ঞাসাবাদ করে।
এ সময় আটক বোরহান উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করে শিবিরের এক নেতা তাদের ছেড়ে দিতে বলে। না ছাড়লে ছাত্রলীগ নেতাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
এরপর দু’জনকে মেরে রক্তাক্ত জখম করে ছাত্রলীগকর্মীরা।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের শিবিরকর্মী পরিচয় দিয়েছে বলেও ওসি জানান।
শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মহসিন আলম সাইমুম আটক দুইজনকে শিবিরকর্মী বলে উল্লেখ করে ছাত্রলীগের হাতে এভাবে নির্যাতিত হলে তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে হুমকি দেন।
