২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কলকাতার চলচ্চিত্র দেশে প্রদর্শনের সিদ্ধান্ত এখনো হয়নি’

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় বাংলা চলচ্চিত্র বাণিজ্যিকভাবে প্রদর্শনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 11:54 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছিলেন, বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় বাংলা চলচ্চিত্র বাণিজ্যিকভাবে প্রদর্শনের জন্য সরকার আইন সংশোধন করতে যাচ্ছে।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “দুই বাংলার চলচ্চিত্রের ‘অবাধ বাণিজ্য’ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ সরকার। এ সংক্রান্ত আইন সংশোধনের খুঁটিনাটি প্রক্রিয়াও শুরু হয়েছে।”

পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ভারতের দুয়ার খুলে দেয়ারও আহ্বান জানান ইনু।

মন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যসচিব বলেন, “আমাদের জাতীয় স্বার্থকে অক্ষুন্ন রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় বাংলা চলচ্চিত্র বাণিজ্যিকভাবে প্রদর্শনের বিষয়টি সরকারের ‘ভাবনার’ মধ্যে রয়েছে উল্লেখ করে হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, সিদ্ধান্তগুলো জাতীয় স্বার্থেই হয়ে থাকে।

বাংলাদেশের চলচ্চিত্র কীভাবে দেশের বাইরে পাঠানো যায় সে বিষয়েও সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানান তথ্যসচিব।

আগামী ৩ এপ্রিল সারা দেশে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপিত হবে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত বছর ৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসাবে ঘোষণা করে সরকার।

দিবসটি উপলক্ষ্যে ৩ থেকে ৫ এপ্রিল শোভাযাত্রা ও র‌্যালি, চলচ্চিত্র মেলা, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শনী এবং প্রেক্ষাগৃহগুলোতে আলোকসজ্জা করা হবে বলে জানান তথ্যসচিব।

চলচ্চিত্র দিবস উদযাপনের মাধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পের বিকাশ ত্বরান্বিত এবং দেশীয় চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযুষ বন্দোপাধ্যায়, প্রধান তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

কলকাতার চলচ্চিত্র আসছে দেশের প্রেক্ষাগৃহে