কলকাতার চলচ্চিত্র আসছে দেশের প্রেক্ষাগৃহে
বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় বাংলা চলচ্চিত্র বাণিজ্যিকভাবে প্রদর্শনের জন্য সরকার আইন সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।
ইনু বলেন, “দুই বাংলার চলচ্চিত্রের ‘অবাধ বাণিজ্য’ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ সরকার। এ সংক্রান্ত আইন সংশোধনের খুঁটিনাটি প্রক্রিয়াও শুরু হয়েছে।”
পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ভারতের দুয়ার খুলে দেয়ার আহ্বানও জানান তিনি।
“ভারতের সিনেমা অবাধ প্রদর্শনের জন্য আমরা যেমন উদ্যোগী হয়েছি, এ দেশেরও উচিত বাংলাদেশের সিনেমা প্রদর্শনে বাধা-নিষেধ তুলে নেয়া। এতে দুই দেশের চলচ্চিত্র শিল্পই লাভবান হতে পারে।”
তথ্যপ্রযুক্তির এই যুগে বিধি-নিষেধের বেড়াজাল কাজে আসে না উল্লেখ করে ইনু বলেন, “ইন্টারনেট-ওয়েবসাইটের যুগে আইন করে কোনো দেশের সিনেমার প্রদর্শন বন্ধ করে রাখা হাস্যকর।”
ইনুর সঙ্গে একমত হয়ে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ বলেন, “আমরাও উদ্যোগী হয়েছি। শিগগিরই বাংলাদেশের কিছু সিনেমা এ দেশের হলে মুক্তি পাচ্ছে।”
তার মতে, দুই বাংলার চলচ্চিত্র বাণিজ্য এক হলে তা হিন্দি চলচ্চিত্রকেও টপকে যাবে।
একই ভাবনার কথা আনন্দবাজারকে জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ও ঋতুপর্ণ ঘোষও।
বাংলা চলচ্চিত্রকে আরো গতিশীল ও আধুনিকভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গত ২১ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় দুই বাংলার প্রতিনিধিদের সম্মেলন।
এই সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও অংশ নেন।
শুক্রবার থেকে কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ‘নন্দনে’ উৎসব চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
এতে প্রদর্শিত হবে-মনপুরা, গেরিলা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডুবসাঁতার, চন্দ্রগ্রহণ, লালটিপ ও দুরন্ত ।
