ঢাবির শিক্ষার্থীদের বাসে আগুন
ইসলামী ছাত্র শিবির ও ১৮ দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত একটি দোতালা বাসে আগুন দেয়া হয়েছে।
সোমবার বেলা সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীদের ছদ্মবেশে এসে দুর্বৃত্তরা বাসে আগুন দেয় বলে জানান পুলিশের সহকারি কমিশনার ইমানুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দমকলবাহিনীর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোতালা বাসের প্রায় সব আসন পুড়ে গেছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা-নেওয়ায় কাজে ব্যবহৃত বিআরটিসির বেশ কয়েকটি বাস বিশ্ববিদ্যালয় মাঠের পূর্ব পাশে দাঁড়ানো ছিল। দুর্বৃত্তরা শিক্ষার্থীর ছদ্মবেশে এসে একটি বাসে আগুন পালিয়ে যায়।”
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির।
হরতাল ডাকার পরপরই রোববার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, খুলনা, বাগেরহাট, গাইবান্ধা ও জয়পুরহাটে ভাংচুর চালায় শিবিরকর্মীরা। রাজধানীতে আগুন দেয়া হয় আটটি গাড়িতে।
সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শেষ হওয়ার পর আগুন দেয়া হয় তিনটি গাড়িতে।
ইসলামী ছাত্রশিবিরের পর মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলও।
