৪ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি: গণজাগরণ মঞ্চ
জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া ৪ এপ্রিলের মধ্যে শুরু না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
রোববার রাতে জাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইমরান বলেন, “আগামী ৪ এপ্রিলের মধ্যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু না করলে এবং এই দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা দেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।”
কী ধরনের কর্মসূচি দেয়া হবে জানতে চাওয়া হলে তিনি বলেন, দেশব্যাপী অবোরোধ, অবস্থান ধর্মঘট, লংমার্চ মহাসমাবেশ, গণঅনশন, সারা দেশ থেকে ঢাকামুখী অভিযাত্রার মতো কর্মসূচির কথা তারা ভাবছেন।
মঙ্গলবারের হরতাল প্রত্যাখ্যান ও প্রতিহত করারও আহ্বান জানান ইমরান।
শিবিরের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামীর এই অঙ্গসংগঠন।
এর আগে সকালে যুদ্ধপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কোটি মানুষের স্বাক্ষর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের হাতে তুলে দেয় গণজাগরণ মঞ্চ।
ছয়দফা দাবিতে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর কাছে এই ‘গণরায়’ তুলে দেন গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা।
জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, সারাদেশ থেকে এক কোটি ৭ হাজার ৭৬১টি স্বাক্ষর সংগৃহীত হয়েছে।
